...|...|...

সারাদেশ

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা-কলস হাতে নারীদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২০
Shares
দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা-কলস হাতে নারীদের বিক্ষোভ

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা-কলস হাতে নারীদের বিক্ষোভ। ছবি: টাইমস টুডে

বনদস্যুদের আতঙ্কে সুন্দরবনে যেতে পারছেন না বনজীবীরা। বন্ধ হয়ে গেছে তাদের আয়-রোজগার। ঘরে খাবার নেই, চুলায় জ্বলছে না আগুন। এর পাশাপাশি দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এমন দুর্বিষহ পরিস্থিতির চিত্র তুলে ধরে দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে ব্যতিক্রমী বিক্ষোভ করেছেন উপকূলের নারীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার সোরার ক্লাব মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী, গৃহবধূ, বনজীবী পরিবারের সদস্য এবং কিশোরী-তরুণীরা অংশ নেন।

খালি থালা ও কলস হাতে তারা বনদস্যু নির্মূল, নিরাপদে বনে যাওয়ার পরিবেশ সৃষ্টি এবং উপকূলের মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ময়না খাতুন বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। গত দুই দিন ধরে তার ঘরে রান্না হয়নি।

লায়লা খাতুন বলেন, দস্যুদের ভয়ে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না। ফলে অনেকের বাড়িতে হাঁড়ি চড়ছে না, চুলায় আগুন জ্বলছে না।

বিলকিস বেগম বলেন, অভাবের কারণে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে সুপেয় পানির মারাত্মক সংকট।

শেফালী বিবি বলেন, বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে।

রহিমা খাতুন জানান, আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। অনেকের ঘরে খাবার নেই, অন্যদিকে বিশুদ্ধ পানির জন্যও ছুটতে হচ্ছে।

শাহিদা খাতুন ও হালিমা খাতুন তাদের বক্তব্যে সন্তানদের শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সংসারের চরম অর্থকষ্ট ও টানাপোড়েনে বাধ্য হয়ে সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিতে হচ্ছে।

খালি থালা ও কলস হাতে নারীরা প্রশাসনের কাছে তাদের অনাহার, বঞ্চনা ও অসহায়ত্বের চিত্র তুলে ধরে দ্রুত সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবি জানান।

কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম।

বক্তারা নারীদের এই সাহসী প্রতিবাদকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান শুরু করতে হবে। অন্যথায় উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।