...|...|...

খেলা

দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৫৯
Shares
দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

ক্রিশ্চিয়ান রোনালদো। ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে কোনো স্পষ্ট কারণ না জানিয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোনালদো। এমন সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ফুটবলে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন ৪০ বছর বয়সী এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় রোনালদো জানান, ঠিক সময়ে কারণ পরিষ্কার করবেন তিনি। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে প্রথম একাদশে না রেখে বদলি হিসেবে নামানোর সিদ্ধান্তের পরই মূলত ঘটনার সূত্রপাত।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে কোপেনহেগেনে সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ হোর্হে জেসুস সাফ জানান, একাদশ তিনি একাই তৈরি করেন এবং রোনালদোকে আগেই বদলি নামানোর বিষয়ে বার্তা দেওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি দ্রুত ঘোলাটে রূপ নেয়। বুধবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে পর্তুগালের অনুশীলনে অনুপস্থিত ছিলেন রোনালদো। এরপর কোচের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে দ্রুত ক্যাম্প ত্যাগ করেন তিনি। পরে ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার সঙ্গে এক বৈঠকে বসেন পর্তুগিজ তারকা।

অনুমতি ছাড়া দল ছেড়ে যাওয়ায় রোনালদোর শাস্তি হতে পারে বলে জানিয়েছে ইএসপিএন। পর্তুগালের ফুটবল ডিসিপ্লিনারি কোড অনুযায়ী অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার দায়ে খেলোয়াড়কে ১ থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা এবং ৫০০ থেকে ১ হাজার ইউরো জরিমানা করা হতে পারে।

রোনালদোর আকস্মিক অনুপস্থিতিতে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ডেনমার্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই দল নামাতে হচ্ছে কোচ জেসুসকে। অন্যদিকে, রোনালদোর বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে পর্যালোচনা করছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।