...|...|...

বিশ্ব

দলে ফিরতে বিদ্রোহী এমপিদের ১৫ দিনের আল্টিমেটাম মমতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৭
Shares
দলে ফিরতে বিদ্রোহী এমপিদের ১৫ দিনের আল্টিমেটাম মমতার

ছবি: সংগৃহীত

দল ছেড়ে যাওয়া সাবেক সংসদ সদস্য ও বিধায়কদের তৃণমূল কংগ্রেসে ফিরে আসার জন্য ১৫ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন দলটির প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের মধ্যে না ফিরলে দলে আর কোনো স্থান হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

রবিবার (৪ অক্টোবর) উত্তর দিনাজপুরে আয়োজিত তৃণমূলের এক বিশাল জনসভায় মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হুঁশিয়ারি দেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে এটিই ছিল দলটির সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিপ্রদর্শন।

জনসভায় মমতা বলেন, 'যাদের এমপি ও বিধায়ক হতে আমরা সাহায্য করেছি, তাদের অনেকেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যারা তৃণমূল ছেড়ে গেছে, তারা ১৫ দিনের মধ্যে ফিরে এলে ঠিক আছে। এর পর তাদের জন্য দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।'

দল পুনর্গঠনে তৃণমূল পর্যায়ের কর্মীদের ওপর ভরসা রেখে তিনি বলেন, শীর্ষ নেতারা নয়, সাধারণ কর্মীরাই দলের আসল চালিকাশক্তি। ১৯৯৮ সালে যেভাবে শূন্য থেকে দল গড়েছিলেন, সেভাবেই তৃণমূলকে আবারও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে ভারতের নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে মমতা অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার দায়িত্বে থাকা পর্যন্ত বিজেপি সুবিধা পেয়ে যাবে। একই সাথে বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের গুরুত্ব স্মরণ করিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে ছাড়া বিজেপিকে ঠেকানো সম্ভব নয়।