...|...|...

জাতীয়

দফাদার-মহল্লাদার পদবি থাকছে না, নতুন নাম নির্ধারণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৭
Shares
দফাদার-মহল্লাদার পদবি থাকছে না, নতুন নাম নির্ধারণ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দুটি পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদবি পরিচিত হবে ‘গ্রাম পুলিশ প্রধান’ নামে। অন্যদিকে, ‘মহল্লাদার’ পদবির পরিবর্তে ব্যবহার করা হবে ‘গ্রাম পুলিশ’।

সোমবার (২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ধারায় দেওয়া ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি-সংক্রান্ত ২০১৫ সালের বিধিমালায় সংশোধন আনা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মূল বিধিমালার সব জায়গায় থাকা ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।