...|...|...

বিশ্ব

দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশি দাবি করে ২৫ জনকে আটক করল বিএসএফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ৯:৫২
Shares
দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশি দাবি করে ২৫ জনকে আটক করল বিএসএফ

ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন ২৫ বাংলাদেশি। বেআইনিভাবে তাদের পারাপারে সহায়তার অভিযোগে বাবলু রায় নামের এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকা এই ২৫ বাংলাদেশি দীর্ঘদিন ধরে কাজের সূত্রে কাশ্মীরে অবস্থান করছিলেন। অবৈধভাবে বাংলাদেশে (ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে) প্রবেশের উদ্দেশ্যে মঙ্গলবার তারা সীমান্ত সংলগ্ন এলাকায় জড়ো হন।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশ ও বিএসএফকে খবর দিলে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, গঙ্গারামপুরের বাসিন্দা দালাল বাবলু রায়ের মাধ্যমে তারা সীমান্তে এসেছিলেন। ঘটনার পর বিএসএফ বাবলু রায়কেও গ্রেফতার করেছে।

কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা খোঁজখবর নিচ্ছে এবং বিএসএফ ও স্থানীয় জেলা প্রশাসনের কাছ থেকে আটক বাংলাদেশিদের বিস্তারিত তালিকা সংগ্রহের প্রক্রিয়া চলছে। আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বিএসএফ ও পুলিশ কর্মকর্তারা।