দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে ঢুকে ১৪ জনের ওপর গুলি চালায় তিন বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় ওই বাড়িতে ১৩ জন পুরুষ ও একজন নারী অবস্থান করছিলেন। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় তিনিও নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ছিল এবং তারা পুলিশের নজরদারিতে ছিলেন। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
হামলার কারণ এখনো নিশ্চিত নয়। তবে ‘বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যকার বিরোধ’ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ইএনসিএর প্রতিবেদক জানান, পালিয়ে যাওয়ার আগে বন্দুকধারীরা নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যাওয়া অবস্থায় দেখা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় হত্যাকাণ্ডের হার বিশ্বের অন্যতম বেশি। দেশটিতে প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে কয়েকজন নারী হত্যার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে কয়েকজনের মরদেহ রাস্তায় ফেলে যাওয়ার ঘটনাও সামনে এসেছে।


