...|...|...

বিশ্ব

থালাপতির আবেদনে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্ট

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, সকাল ১০:০৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭
Shares
থালাপতির আবেদনে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্ট

তামিলনাড়ুর মূখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও অন্যান্য যে কোনো দিন তামিলনাড়ু রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করার যে নির্দেশ মাদ্রাজ হাইকোর্ট দিয়েছিলেন, তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্ট এই রায় দিয়ে স্পষ্ট জানান যে, হাইকোর্টের এই নির্দেশটির ক্ষেত্রে আইনি ‘সংশোধন’ বা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) সরকারের করা বিশেষ অনুমতি আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তী আদেশ দেন। 

এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্ট ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল।

রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, বিদ্যমান আইনে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু নির্ধারিত স্থানে জবাইয়ের অনুমতি রয়েছে। তাই আইন যা অনুমোদন করে, তার বিপরীত কোনো বিচারিক নির্দেশ টেকসই হতে পারে না।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণনের বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। 

রায়ে বলা হয়, সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী দুধ উৎপাদনকারী ও কৃষিকাজে ব্যবহৃত গবাদিপশু, বিশেষ করে গরু ও বাছুর সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বিচারপতি স্বামীনাথন তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, গণপরিষদের বিতর্কেও গরুকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি শ্রদ্ধার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল।

অন্যদিকে, রাজ্য সরকার জানায়, তামিলনাড়ু অ্যানিম্যাল প্রিজারভেশন অ্যাক্টসহ বিদ্যমান আইন অনুযায়ী কোথায় এবং কী শর্তে পশু জবাই করা যাবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করা আছে। তবে এসব আইনে গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কোনো বিধান নেই।

প্রসঙ্গত, মুসলিমরা স্থানীয় বিধি মেনে ব্যক্তিগত বা ধর্মীয় স্থানে কোরবানি দিয়ে থাকেন। আবার তামিলনাড়ুর অনেক হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসবে পশুবলির প্রচলন রয়েছে। 

সম্প্রদায়ের প্রতিনিধিদের মতে, সব কোরবানি বা বলি কেবল লাইসেন্সপ্রাপ্ত জবাইখানায় সীমাবদ্ধ করা বাস্তবসম্মত নয়, কারণ উৎসবের সময় অধিকাংশ জবাইখানার সক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম।