মধ্যপ্রাচ্যে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের পর থাইল্যান্ডে পাঁচ দিনের একটি বিরতি বা পোর্ট ভিজিট শেষ করে বন্দর ছেড়ে গেছে মার্কিন নৌবাহিনীর পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।
রবিবার (৬ সেপ্টেম্বর) রয়টার্সের বরাতে মার্কিন নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
রণতরীটির কমান্ডিং অফিসার ও মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ড্যান কিলার এক বিবৃতিতে বলেন, আমরা থাইল্যান্ডের জনগণের চমৎকার আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
সাধারণত নৌবাহিনীর এ ধরনের মোতায়েন ছয় থেকে নয় মাস পর্যন্ত স্থায়ী হয়ে থাকে, তবে সংঘাতের সময়ে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। প্রায় ৫,০০০ সেনা ও কর্মী নিয়ে গঠিত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এই রণতরীটি ইরানের সাথে চলা যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর অবরোধ ও যুদ্ধকালীন অভিযানে অংশ নেয়। এছাড়া ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের তথ্য অনুযায়ী, এটি সাগরে টানা দিন অবস্থানের দিক থেকে আধুনিক যুগের একটি রেকর্ড তৈরি করেছে।
উল্লেখ্য, অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজকে সাথে নিয়ে গত বুধবার ভোরে থাইল্যান্ডে এসে পৌঁছায় আব্রাহাম লিংকন। মূল ভূখণ্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক অংশীদার এই দেশটিতে তাদের এই সফর পাঁচ দিন স্থায়ী হয় বলে থাই কর্মকর্তারা জানিয়েছিলেন।
জাহাজটি বন্দরে ভিড়ানোর পরপরই বেসামরিক পোশাকে সজ্জিত বাসভর্তি নাবিক ও মেরিন সেনারা ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত রিসোর্ট শহর পাতায়ার একটি হোটেলে এসে পৌঁছান, যাদের অনেকের মুখেই ছিল হাসিমুখ এবং তারা হাত নেড়ে অভিবাদন জানান।


