...|...|...

খেলা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, রাত ১০:৫১ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, সকাল ৬:২৫
Shares
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

ছবি: সংগৃহীত

দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ) ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শাহাদাত হোসেন দীপুর দল।

শুক্রবার (৭ আগস্ট) প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত স্বাগতিক ইউএসএসএর ইনিংস থেমে যায় ১৬৬ রানে। জবাবে মাত্র ২১.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।

এর আগে ম্যাচের শুরুতে দারুণ ব্যাটিং করছিল ইউএসএসএ। একপর্যায়ে তাদের সংগ্রহ ছিল ১৯ ওভারে ১ উইকেটে ১২৬ রান। তবে এরপরই শুরু হয় বাংলাদেশের বোলারদের তাণ্ডব। মাত্র ৪০ রানের ব্যবধানে ৯ উইকেট হারিয়ে ৩৩.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয় তারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ডেভিড টিগার। ৫৭ বলের ইনিংসে তিনি হাঁকান ৮টি চার ও ৩টি ছক্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ছিলেন সবচেয়ে সফল। ৬.৫ ওভারে ২৮ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানে হাবিবুর রহমান সোহান ফিরে যান। এরপর মাহফিজুল ইসলাম রবিনও দ্রুত বিদায় নিলে চাপে পড়ে টাইগাররা।

তবে অধিনায়ক শাহাদাত হোসেন দীপু ও ইফতিখার হোসেন ইফতি দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। ইফতি ১৬ রান করে আউট হলেও দীপু ও ইরফান শুক্কুরের ব্যাটে সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

দীপু খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ৫৬ বলে ১২ চার ও ১ ছক্কায় করেন ৭৩ রান। অন্যদিকে ইরফান শুক্কুর ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন। চতুর্থ উইকেটে তাদের ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ২১.৫ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।