...|...|...

সারাদেশ

তেলের দাম বাড়ানোয় সমালোচনা, ছাত্রদল নেতা বহিষ্কার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১৪
Shares
তেলের দাম বাড়ানোয় সমালোচনা, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কার ছাত্রদল নেতা জাকিরুল হক। ছবি: সংগৃহীত

জামালপুরে জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর জেলা ছাত্রদলের নেতা জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত জাকিরুল হক জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জাকিরুল হকের ফেসবুক পোস্টের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। সেখানে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের’ কথা বলা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি নিয়ে সোমবার সকালে ফেসবুকে সমালোচনামূলক একটি পোস্ট দেন জাকিরুল হক। সেখানে তিনি লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।’

বহিষ্কারের পর জাকিরুল হক মুঠোফোনে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের কারণেই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাকিরুল হক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে।