...|...|...

বিশ্ব

তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে প্রায় তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পর্যাপ্ত তেল সরবরাহ এবং বাজারে সম্ভাব্য উদ্বৃত্ত নিয়ে উদ্বেগের কারণে দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৭ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ৭৯ দশমিক ৯৪ ডলারে নেমেছে।

রয়টার্স জানিয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে লেনদেন শেষ করে। একই দিনে ডব্লিউটিআই তেলের দামও একপর্যায়ে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ কাটেনি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা দাবি করেছে, সোমবার প্রণালীতে নিয়ম লঙ্ঘনকারী তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের সংস্পর্শে এসে আগুন ধরে যায়।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

তবে সমুদ্রপথে জ্বালানি পরিবহনে এসব ঝুঁকি সত্ত্বেও বিশ্ববাজারে তেলের দামে পতন অব্যাহত রয়েছে।