...|...|...

বিশ্ব

তুরস্কে নারীদের ‘লাল অন্তর্বাস’-এর দোকান উদ্বোধনে দোয়া, সামাজিক মাধ্যমে আলোচনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৯
Shares
তুরস্কে নারীদের ‘লাল অন্তর্বাস’-এর দোকান উদ্বোধনে দোয়া, সামাজিক মাধ্যমে আলোচনা

ছবি: সংগৃহীত।

তুরস্কে নারীদের অন্তর্বাসের একটি দোকান উদ্বোধনের আগে দোয়া-মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র, দুটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। ধর্মীয় প্রার্থনার পর ফিতা কেটে দোকানটির উদ্বোধন করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা।

চোরুম প্রদেশের আলাকা জেলায় ‘RED İç Giyim’ (লাল অন্তর্বাস) নামের দোকানটির উদ্বোধনী অনুষ্ঠান হয় গত ২০ অক্টোবর। ফ্যান্টাসি অন্তর্বাসসহ নারীদের নানা ধরনের অন্তর্বাস বিক্রি হয় দোকানটিতে। এর পরিচালনার দায়িত্বে আছেন চিগদেম ইলমাজ।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলাকার মেয়র শেরিফ আরসলান, ক্ষমতাসীন একে পার্টির স্থানীয় শাখার প্রধান মুজাহিত গুরসয় এবং এমএইচপির স্থানীয় শাখার প্রধান ইসা দুরুর। এ ছাড়া ডেপুটি মেয়র, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া করা হয়। এরপর মেয়র শেরিফ আরসলান ও অন্য অতিথিরা উদ্বোধনী ফিতা কাটেন। নতুন ব্যবসার সমৃদ্ধি কামনা করে উপস্থিত ব্যক্তিরা শুভকামনা জানান।

ফ্যান্টাসি অন্তর্বাসের দোকান ও উদ্বোধনে ধর্মীয় প্রার্থনা, এই দুই বিষয় একসঙ্গে সামনে আসায় সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর কেউ বিষয়টি নিয়ে কৌতুক করেছেন। আবার অনেকে ব্যবসা শুরুর আগে প্রার্থনা করাকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন। আলোচনার বড় অংশই দোকানের পণ্য ও উদ্বোধনের ধর্মীয় আয়োজনের বৈপরীত্যকে ঘিরে।

তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব প্রতিবেদনে মেয়র শেরিফ আরসলানের বক্তব্য উদ্ধৃত হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই তাঁরা সেখানে গিয়েছিলেন। তার ভাষ্য, তারা কোনো অবৈধ প্রতিষ্ঠান উদ্বোধন করেননি।

সূত্র: Haberler