...|...|...

সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর দিলেন পানিসম্পদমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬, সকাল ১০:৩১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১২
Shares
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর দিলেন পানিসম্পদমন্ত্রী

ছবি : টাইমস টুডে

পদ্মা ব্যারেজ প্রকল্প যেভাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে, একইভাবে টেকনিক্যাল টিমের প্রতিবেদন পাওয়ার পর শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, তিস্তা অববাহিকার সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। একইসঙ্গে উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ও উন্নয়নের জন্য বৃহৎ পরিসরে পরিকল্পনা বাস্তবায়ন জরুরি হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বললেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু এ অঞ্চলের মানুষের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে এ বিষয়ে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ টেকনিক্যাল টিম নিয়ে তিস্তা পরিদর্শনে এসেছি। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।

এ্যানি বলেন, প্রকল্পের কারিগরি বিভিন্ন দিক পর্যালোচনা করে টেকনিক্যাল টিম তাদের প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিস্তা মহাপরিকল্পনা একনেক সভায় উপস্থাপন করা হবে।

এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং টেকনিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।