...|...|...

বিশ্ব

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৬
Shares
তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

ছবি: সংগৃহীত

তিব্বতে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন প্রতিবেশী নেপালেও অনুভূত হয়েছে। নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসের কয়েক দিনের মাথায় নতুন এই ভূমিকম্পে দুর্যোগপ্রবণ অঞ্চলটির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর মাত্রা ৫.০ বলে জানিয়েছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি, আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার তিব্বতে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে নেপাল ও তিব্বতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৯ জন এখনো নিখোঁজ। ফলে দুই অঞ্চলে সম্মিলিতভাবে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৮৪৫।

চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় হিমবাহ ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধস ও হিমবাহ ধসের ঝুঁকি বাড়ছে। সাম্প্রতিক দুর্যোগগুলোর ধারাবাহিকতায় অঞ্চলটির দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।