দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বড় পরিসরে শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে প্রায় ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ২০তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন এবং ‘ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীর জন্য ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে তিনি আরও মন্তব্য করেন, সরকার এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করছে এবং শিক্ষা খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী। আরও বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


