তিন বছর পর আবারও ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে পারে আইপিএলের ২০২৭ মৌসুমের মিনি নিলাম। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রাথমিক বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গোয়ার একটি বিলাসবহুল হোটেলে নিলাম আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে তারিখ ও ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রাথমিক সম্মতি পাওয়ার পর দলগুলোর মালিক ও কর্মকর্তাদের বিস্তারিত জানানো হবে।
নিলামের আয়োজন নিয়ে আগেভাগে বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর যাতায়াত ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা। এর আগে ভারতের বাইরে নিলাম আয়োজনের ক্ষেত্রে যাতায়াতসহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি দলের আপত্তি ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এবার দেশের মাটিতেই নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই।
সর্বশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবুধাবিতে বসে নিলামের আসর। এবার গোয়ায় আয়োজন করা হলে আইপিএলের নিলামের ভেন্যু হিসেবে প্রথমবারের মতো যুক্ত হবে শহরটি।
এবারের নিলাম হবে মিনি নিলাম। ফলে দলগুলো নিজেদের দুর্বলতা কাটাতে এবং প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকাও চূড়ান্ত করতে হবে।


