কুমিল্লার জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে কক্সবাজারের কলাতলী থেকে রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামে এক হোটেল কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন, যা মামলার তদন্তে সহায়ক হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
রবিবার (১১ অক্টোবর) রাতে কলাতলীর বিকাশ বিল্ডিং এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রাজু বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা। তিনি কলাতলীর একটি আবাসিক হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ছেলেটির নাম-পরিচয় শনাক্ত হওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কুমিল্লা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তারা এলে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। অন্যথায়, কক্সবাজারে আদালত থাকায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে। পরে কুমিল্লার তদন্তকারী কর্মকর্তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, রাজুকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। মূল ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু তথ্য দিয়েছে, যা তদন্তকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও জানান তিনি। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য বিস্তারিতভাবে জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তাজমিন। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে কুমিল্লার জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তাজমিনের বাবা আবদুল হালিমের দাবি, মেয়ে নিখোঁজ হওয়ার পরও তার সাথে মুঠোফোনে কথা হয়েছিল। সে সময় তাজমিন বান্ধবীর বাসায় আছে বলে জানিয়েছিলেন। পরে দুপুরের দিকে মেয়ের লাশ উদ্ধারের খবর পান তিনি।
এ ঘটনায় মামলার মূল আসামি হিসেবে উল্লেখ করা সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তে নতুন করে গ্রেফতার রাজুর ভূমিকা কী ছিল, তা যাচাই করে দেখছে পুলিশ।


