...|...|...

সারাদেশ

ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৩
Shares
ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা

হাসিব আল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হলে দৌড়ে প্রাণে বাঁচেন তিনি।

রিসোর্ট সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তার চেক আউট করার কথা ছিল। তবে রিসোর্ট ছাড়ার আগেই সকালে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় খবর লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাননি।

বিষয়টি নিশ্চিত করেছেন রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন। তিনি বলেন, দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা।

এদিকে হাসিবের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সাথে অটোরিকশায় কোথাও যাচ্ছিলেন তিনি। পথে কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে হাসিবের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।

ভিডিওতে হামলাকারীদের একজনকে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে শোনা যায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনার সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছে।

এ হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।