...|...|...

শিক্ষা

ঢাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১০:১১
Shares
ঢাবির দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়াই দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে সশরীরে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়াই দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপাচার্য আরও জানান, এ দুই শিক্ষকের বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এবং আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে উপাচার্য বলেন, তাদের বর্তমান অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় অবগত নয়। এ কারণে সিন্ডিকেট তাদের সাত কর্মদিবসের মধ্যে সশরীরে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এ কারণে তাদের বিরুদ্ধে পরবর্তী সিন্ডিকেট সভায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল।

তিনি জানান, ওই কমিটি অভিযোগগুলোর সত্যতা পেয়েছে। এ কারণে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।