...|...|...

জাতীয়

ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ৮:১২
Shares
ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে যোগাযোগ বাড়াতে ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব দেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আনিস মাত্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে একটি সুবিধাজনক ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার বিষয়টি খতিয়ে দেখতে চায় দেশটি। একই সাথে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে সরাসরি আকাশপথ চালুর ওপর জোর দেন আনিস মাত্তা।

বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান এবং উভয় দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি পরিবেশ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ গ্রহণের আহ্বান জানান।

জবাবে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী প্রথাগত বাণিজ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ও বৃহৎ পরিসরে অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেন।