...|...|...

জাতীয়

বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩ স্বর্ণের ডিম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে মিলল ৩ স্বর্ণের ডিম

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের পেস্টভর্তি তিনটি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের পেস্টের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন কাস্টমসের গোয়েন্দারা।

একপর্যায়ে ওই ফ্লাইটে আসা আরমান উদ্দীন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে তাকে সন্দেহজনক হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্যাকেটগুলোর ভেতরে স্বর্ণের পেস্ট বিশেষভাবে গোলাকৃতিতে রাখা ছিল। প্রতিটি গোলাকৃতির সোনার ওজন প্রায় ৪৩০ গ্রাম। তিনটি মিলে মোট ওজন দাঁড়ায় ১ হাজার ২৯০ গ্রাম।

এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট। ডিম্বাকৃতির এসব স্বর্ণের পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম বা এক কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের পক্ষ থেকে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।