যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডলার ও ট্রেজারি বন্ডের সুদহার বাড়ার চাপে বুধবার (৭ অক্টোবর) স্বর্ণের দাম দুই মাসের সর্বনিম্নে নেমেছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন। এর মাধ্যমে আগামী দিনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কোন দিকে যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করছেন তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৯৬ দশমিক ১৩ ডলারে দাঁড়ায়। এর আগে দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২১ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের নজর এখন ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। এতে নীতিনির্ধারকদের সুদহার ও মুদ্রানীতি নিয়ে অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলতে পারে। সেই তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীরা স্বর্ণের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারণের চেষ্টা করছেন।
সূত্র : রয়টার্স


