...|...|...

অর্থনীতি

এয়ারবাসের সাথে বিমানের চুক্তি সই

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৭
Shares
এয়ারবাসের সাথে বিমানের চুক্তি সই

ছবি: সংগৃহীত

বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ অনুষ্ঠানে এ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী, বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাসের চারটি দূরপাল্লার A350-900 এবং ছয়টি A321neo উড়োজাহাজ। নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে আন্তর্জাতিক ও আঞ্চলিক- দুই ধরনের রুটেই বিমানের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়জার সোহেল আহমেদ বলেন, জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিমানের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে।

নতুন উড়োজাহাজগুলোর প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, A350-900 আধুনিক প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ের দিক থেকে অত্যাধুনিক। দূরপাল্লার রুটে এই উড়োজাহাজ যাত্রীদের আরামদায়ক ভ্রমণের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে।

অন্যদিকে A321neo উড়োজাহাজগুলো আঞ্চলিক রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে বলে জানান তিনি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ এবং পরিচালনা পর্ষদের নির্দেশনার ভিত্তিতে বিমানের বহর ও আর্থিক কৌশল নিয়ে বিস্তারিত বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কায়জার সোহেল আহমেদ বলেন, বহর সম্প্রসারণের পাশাপাশি এয়ারবাস প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণেও সহযোগিতা করবে। চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট ৩৫টি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ নিশ্চিত করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাসের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার।

এ ছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।