একজনের স্বপ্ন পৃথিবীর সীমানা ছাড়িয়ে মঙ্গলগ্রহে মানুষের বসতি গড়া। অন্যজনের লক্ষ্য এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি, যা মানুষের চিন্তা, কাজ ও প্রযুক্তি ব্যবহারের ধরনই বদলে দিতে পারে। একজন মহাকাশে রকেট পাঠান, অন্যজনের প্রতিষ্ঠান তৈরি করে এমন সফটওয়্যার, যা জটিল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখতে পারে প্রোগ্রামিং কোড, বিশ্লেষণ করতে পারে বিপুল তথ্য। ব্যবসার জগৎ আলাদা, প্রযুক্তির ধরনও ভিন্ন। অথচ দুই প্রতিষ্ঠানের সামনে এসে মিলেছে এক অভাবনীয় অঙ্ক- ট্রিলিয়ন ডলারের মূল্যায়ন।
একদিকে ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রপিক। প্রথমটি দুই দশকের বেশি সময় ধরে মহাকাশ প্রযুক্তির ব্যবসা গড়ে তুলেছে। দ্বিতীয়টি প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে আলোচিত এআই কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে।
দুই প্রতিষ্ঠানের আর্থিক তুলনাও বিস্ময়কর। প্রকাশিত তুলনামূলক হিসাবে, ২০২৫ সালে স্পেসএক্সের আয় ছিল ১ হাজার ৮৬৭ কোটি ডলার, আর অ্যানথ্রপিকের ৪৫৯ কোটি ডলারের কাছাকাছি। অর্থাৎ অ্যানথ্রপিকের তুলনায় চার গুণেরও বেশি আয় করেছে স্পেসএক্স। কর্মীসংখ্যাতেও ব্যবধান বড়- স্পেসএক্সে ২২ হাজারের বেশি, অ্যানথ্রপিকে প্রায় ৫ হাজার ৩০০ জন।
তারপরও দুই কোম্পানির মূল্যায়ন ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছানোর দাবি বিনিয়োগের জগতে নতুন প্রশ্ন তুলেছে। যে প্রতিষ্ঠান আয় করছে চার গুণ কম, বিনিয়োগকারীদের কাছে তার ভবিষ্যৎ সম্ভাবনার মূল্য এত বেশি কেন? প্রযুক্তির বাস্তব সাফল্য, নাকি আগামী দিনের বাজার দখলের প্রত্যাশাই এখন কোম্পানির মূল্য নির্ধারণ করছে?
মহাকাশে স্পেসএক্সের সাম্রাজ্য, আয়ের বড় ভরসা স্টারলিংক
২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্সের যাত্রা শুরু হয়েছিল মহাকাশযাত্রার ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে। পুনর্ব্যবহারযোগ্য রকেটের মাধ্যমে মহাকাশ প্রযুক্তির ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করে প্রতিষ্ঠানটি। ফ্যালকন রকেট, স্টারশিপ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট এখন এর প্রধান কার্যক্রমের অংশ।
তবে স্পেসএক্সের ব্যবসা এখন শুধু রকেট উৎক্ষেপণে সীমাবদ্ধ নেই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাথে একীভূত হওয়ার পর এর পরিধিতে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি ও ডিজিটাল সেবা।
প্রকাশিত আর্থিক নথি অনুযায়ী, ২০২৫ সালে স্পেসএক্সের আয় আগের বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। এর সবচেয়ে বড় অংশ এসেছে স্টারলিংক থেকে। স্যাটেলাইট ইন্টারনেট ও সংযোগসেবায় আয় হয়েছে প্রায় ১ হাজার ১৩৯ কোটি ডলার, যা মোট আয়ের প্রায় ৬১ শতাংশ।
অর্থাৎ যে কোম্পানিকে বিশ্ব চেনে রকেট নির্মাতা হিসেবে, তার আয়ের সবচেয়ে বড় উৎস এখন পৃথিবীর মানুষের ইন্টারনেট সংযোগ।
কিন্তু বিপুল আয়ের পরও স্পেসএক্সের আর্থিক চিত্র পুরোপুরি স্বস্তিদায়ক নয়। ২০২৫ সালের পুনর্গঠিত সমন্বিত হিসাবে প্রতিষ্ঠানটির নিট লোকসান ছিল প্রায় ৪৯৪ কোটি ডলার। গবেষণা, অবকাঠামো সম্প্রসারণ ও এআই কার্যক্রমে বিপুল ব্যয় এই লোকসানের অন্যতম কারণ।
অ্যানথ্রপিকের উত্থান, পাঁচ বছরে বদলে গেল হিসাব
স্পেসএক্স যেখানে দুই দশকের বেশি সময় নিয়ে ব্যবসা গড়ে তুলেছে, সেখানে অ্যানথ্রপিকের উত্থান ঘটেছে অবিশ্বাস্য দ্রুততায়।
২০২১ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির প্রধান পণ্য ক্লড। লেখালেখি, গবেষণা, তথ্য বিশ্লেষণ থেকে শুরু করে সফটওয়্যার নির্মাণ- বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এই এআই প্রযুক্তি।
২০২৪ সালে অ্যানথ্রপিকের আয় ছিল মাত্র ৩৮ কোটি ৬০ লাখ ডলার। পরের বছর তা বেড়ে দাঁড়ায় প্রায় ৪৫৯ কোটি ডলারে। এক বছরে আয় বেড়েছে প্রায় ১২ গুণ।
আর ২০২৬ সালে এই প্রবৃদ্ধি আরও বিস্ময়কর পর্যায়ে পৌঁছেছে। সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটির আয় হয়েছে প্রায় ৩ হাজার ৩২০ কোটি ডলার। অর্থাৎ মাত্র নয় মাসেই অ্যানথ্রপিকের আয় ছাড়িয়ে গেছে স্পেসএক্সের পুরো ২০২৫ সালের রাজস্বকে।
এই তথ্য গুরুত্বপূর্ণ। কারণ ২০২৫ সালের হিসাবে স্পেসএক্সের আয় চার গুণ বেশি হলেও ২০২৬ সালের নতুন পরিসংখ্যান বলছে, সেই ব্যবধানের চিত্র ইতোমধ্যে বদলে গেছে।
তবে দ্রুত আয় বাড়লেও অ্যানথ্রপিকের সামনে রয়েছে বিপুল ব্যয়ের চাপ। শক্তিশালী এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজন অসংখ্য উন্নত চিপ, ডেটা সেন্টার ও বিদ্যুৎ। ২০২৬ সালের প্রথম নয় মাসেই কম্পিউটিং ও অবকাঠামো খাতে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৮৮১ কোটি ডলার।
দুই প্রতিষ্ঠানের অর্থনীতিতে কতটা পার্থক্য?

ট্রিলিয়ন ডলারের মূল্যায়ন, বিনিয়োগকারীরা আসলে কী কিনছেন?
কোম্পানি দুটির মূল্যায়নের পেছনে রয়েছে ভবিষ্যতের ব্যবসা নিয়ে বিপুল প্রত্যাশা। স্পেসএক্সের ক্ষেত্রে বিনিয়োগকারীরা দেখছেন স্যাটেলাইট ইন্টারনেট, মহাকাশ উৎক্ষেপণ এবং এআই অবকাঠামোর সম্ভাবনা। অ্যানথ্রপিকের ক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু এআই প্রযুক্তির দ্রুত বাণিজ্যিক সম্প্রসারণ।
কিন্তু এই প্রত্যাশার মূল্য কতটা যৌক্তিক?
১৮ নভেম্বর রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, অ্যানথ্রপিকের সম্ভাব্য ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার মূল্যায়ন ছিল আগের ১২ মাসের আয়ের প্রায় ৪০ গুণ। অন্যদিকে শেয়ারবাজারে অভিষেকের সময় স্পেসএক্সের মূল্যায়ন ছিল আগের ১২ মাসের আয়ের প্রায় ৯২ গুণ। তুলনায় অ্যামাজনের ক্ষেত্রে এই অনুপাত ছিল মাত্র সাড়ে তিন গুণ।
অর্থাৎ বিনিয়োগকারীরা স্পেসএক্স ও অ্যানথ্রপিকের প্রতিটি ডলার আয়ের বিপরীতে প্রচলিত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি মূল্য দিতে প্রস্তুত।
তবে উচ্চ মূল্যায়ন মানেই নিশ্চিত ভবিষ্যৎ মুনাফা নয়। অ্যানথ্রপিকের সামনে রয়েছে প্রায় ৯০ হাজার কোটি ডলারের দীর্ঘমেয়াদি কম্পিউটিং ও অবকাঠামোগত প্রতিশ্রুতি। অন্যদিকে স্পেসএক্সকে মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট নেটওয়ার্ক ও এআই অবকাঠামো সম্প্রসারণে বিপুল বিনিয়োগ অব্যাহত রাখতে হচ্ছে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও নভেম্বরের আর্থিক স্থিতিশীলতা পর্যালোচনায় সতর্ক করেছে, বেসরকারি বাজারে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মূল্যায়ন নির্ধারণ কঠিন হতে পারে। কারণ এসব মূল্যায়ন তুলনামূলক কম ঘনঘন হয় এবং প্রকাশ্য বাজারের মতো নিয়মিত যাচাইয়ের সুযোগ থাকে না।
ভবিষ্যতের প্রতিশ্রুতি, নাকি মূল্যায়নের ঝুঁকি?
স্পেসএক্স ও অ্যানথ্রপিকের গল্প প্রযুক্তি অর্থনীতির দুই ভিন্ন বাস্তবতা তুলে ধরে।
স্পেসএক্সের রয়েছে মহাকাশ প্রযুক্তির প্রতিষ্ঠিত অবকাঠামো, বিপুল স্যাটেলাইট নেটওয়ার্ক ও দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা। অ্যানথ্রপিকের শক্তি দ্রুত বর্ধনশীল এআই বাজার, তুলনামূলক ছোট কর্মীবাহিনী এবং অল্প সময়ে বিপুল রাজস্ব তৈরির সক্ষমতা।
তবে দুই প্রতিষ্ঠানই এমন এক প্রতিযোগিতায় রয়েছে, যেখানে প্রযুক্তিগত অগ্রগতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিনিয়োগের প্রয়োজন। বাজারের প্রত্যাশা পূরণ করতে না পারলে উচ্চ মূল্যায়নও চাপের মুখে পড়তে পারে।
একদিকে মহাকাশের অজানা দিগন্ত, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অনাবিষ্কৃত সম্ভাবনা। স্পেসএক্স ও অ্যানথ্রপিকের দুই সাম্রাজ্য গড়ে উঠছে ভিন্ন দুই প্রযুক্তিকে কেন্দ্র করে। কিন্তু তাদের অর্থনৈতিক গল্পের কেন্দ্রবিন্দু এক- ভবিষ্যতের সম্ভাবনাকে আজকের বাজারে কতটা মূল্য দেওয়া যায়।
শেষ পর্যন্ত রকেট কত দূর পৌঁছাবে কিংবা এআই কত কাজ বদলে দেবে, সেটিই শুধু প্রশ্ন নয়। আরও বড় প্রশ্ন হলো, সেই অগ্রগতি বিনিয়োগকারীদের ট্রিলিয়ন ডলারের প্রত্যাশাকে কতটা বাস্তব মুনাফায় রূপ দিতে পারবে।

