একসাথে ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় কিউ-ক্যাশ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আইটি কনসালট্যান্টস পিএলসি’-র ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৩০টির বেশি ব্যাংকের ডিজিটাল লেনদেন ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। সেবামূলক লেনদেনের স্বাভাবিকতা ফেরাতে ও গ্রাহকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করেছে।
তবে এনপিএসবি প্ল্যাটফর্মের সাথে সরাসরি যুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের লেনদেন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিএসিপিএস (BACPS), বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-সহ অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও নিরবচ্ছিন্ন রয়েছে।
সাময়িক এই পরিস্থিতিতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা মানা ও প্রয়োজনে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


