ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ ও সমালোচনা। নষ্ট খাবার ও বিতরণে অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।
এ বিষয়ে কলেজের এক শিক্ষার্থী সাহাবুদ্দিন ইমন ফেসবুকে লেখেন, সবকিছুর জন্য বরাদ্দ করতে পারলেন খাবার ব্যবস্থাপনার জন্য বরাদ্দ করতে পারলেন না। দুর্গত এলাকায় যেভাবে ত্রাণ দেওয়া হয় সেই একইভাবে খাবার বিতরণ করছেন আপনারা। সাধারণ শিক্ষার্থীদের সাথে এই রকম মশকরা না করলেও পারতেন!

আরেক শিক্ষার্থী সজীব উদ্দিন লেখেন, জাতীয়তাবাদী ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক মতাদর্শের লোকজনের মিলনমেলা করেছে। তারা শুধু মিলনমেলাই করেনি, করেছে হরিলুট। ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের নামে সরকারের কাছ থেকে বিভিন্ন কাজের টেন্ডার, বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর এবং সর্বশেষ বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০০ টাকা করে নিয়েছে। ঢাকা কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী না, এটা হইলো হরিলুটবার্ষিকী।
খাবারের মান নিয়ে তিনি লেখেন, যে খাবারগুলো দেওয়া হয়েছে, সেগুলো মূলত গন্ধযুক্ত নষ্ট, মনে হয় কমিউনিটি সেন্টারের উচ্ছিষ্ট খাবার ছিল।
আরেক শিক্ষার্থী আশিকুল হক মিল্টন অভিযোগ করে বলেন, যাদের পেট বড়, তাদের মনও বড়। অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে একটি ঐতিহাসিক দিনকে চরমভাবে কলুষিত করেছেন আপনারা। ধিক্কার জানাই এমন অথর্ব প্রশাসন এবং এলাম নাই এসোসিয়েশনকে।
আরেক শিক্ষার্থী মোহাম্মদ মামুন বলেন, আজকের অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। অধিকাংশ শিক্ষার্থীর খেতে না পারার মতো নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার, কোনো সৌজন্য উপহার না থাকা এবং পর্যাপ্ত বসার জায়গার অভাবসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে, যা নিঃসন্দেহে কষ্টের। কারণ এই প্রতিষ্ঠানটি আমাদের সবার। আর যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, তিনি কোনো নির্দিষ্ট দল বা সংগঠনের নন; বরং তিনি আমাদের সবার সম্মিলিত অর্জন। অথচ এমন একজন ব্যক্তিকে ঘিরে যে অব্যবস্থাপনা হলো, তা প্রতিষ্ঠানের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।


