...|...|...

বিশ্ব

ড. ইউনূসের বাড়ি-গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনা নিয়ে যা জানাল বিশ্ব মিডিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৫
Shares
ড. ইউনূসের বাড়ি-গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনা নিয়ে যা জানাল বিশ্ব মিডিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চট্টগ্রামে বুধবার মধ্যরাতের আগে আগুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত দেশে ফেরাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার হাসিনার সমর্থকেরাও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশত্যাগ করেন। এরপর মুহাম্মদ ইউনূস প্রায় ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক স্থানীয় গণমাধ্যমকে জানান, ইউনূসের বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। টহলরত পুলিশ আগুন দেখতে পেয়ে দ্রুত তা নেভায়।

কে বা কারা এ অগ্নিসংযোগের সাথে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বলেন, দুর্বৃত্তরা বাড়িটির পূর্ব পাশের অংশে আগুন দিয়েছে। জায়গাটি গুদামঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আল-জাজিরা বলছে, কার্যক্রম নিষিদ্ধ হাসিনার আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশের বিরূপতার মুখে পড়েছেন ইউনূস।

ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, গত কয়েক দিনে তাদের ২২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাসিনার পরিকল্পিত প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকা ও দেশের অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ এবং সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৭৯ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন। মৃত্যুদণ্ডের মুখে থাকলেও তিনি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে শেখ হাসিনা বলেছিলেন, মৃত্যুও তাকে বাংলাদেশে ফেরা থেকে আটকাতে পারবে না।

গত বছর ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি আদালত হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়।

তবে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার তার আবেদন সরকার প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ বৃহস্পতিবার দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেয়। এর পরই বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে চলতি সপ্তাহে গোপালগঞ্জে বিক্ষোভকারীরা একটি থানা ও এক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয়।

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, সেখানে সংঘর্ষে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার থেকে এ ঘটনায় ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।