বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। কোথাও ভাঙচুর, কোথাও লুটপাট, আবার কোথাও পুড়িয়ে দেওয়া হচ্ছে ঋণ ও আমানতসংক্রান্ত নথি। আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এর সাথে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনাও জড়িয়ে আছে।
গত ১৮ নভেম্বর গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালানো হয়। শাখার ব্যবস্থাপক সোলাইমান মোল্লা জানান, প্রায় এক ডজন ব্যক্তি দা, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে আসে। সে সময় কর্মীদের বেশির ভাগই ঋণ আদায়সহ মাঠপর্যায়ের কাজে বাইরে ছিলেন।
হামলাকারীরা প্রথমে লুটপাট চালায় এবং গ্রাইন্ডার ব্যবহার করে ভল্ট ভাঙার চেষ্টা করে। পরে প্রায় ৪০ বস্তা ভাউচার ও পুরোনো নথিপত্র বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসও নিয়ে যায় তারা।
সোলাইমান মোল্লার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বলেছিল, নথি পুড়িয়ে দিলে গ্রাহকদের আর ঋণ পরিশোধ করতে হবে না।
হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যবস্থাপকের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল এবং গ্রামীণ ব্যাংককে ‘ইউনূসের আস্তানা’ বলে আখ্যা দিয়ে আগুন দেওয়ার কথা বলছিল।
এই হামলার পর কাশিয়ানী শাখার স্বাভাবিক কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি। কর্মীরা হুমকি পাচ্ছেন এবং গ্রাহকদের মধ্যে আমানত ও ঋণের নথির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সোলাইমান মোল্লা বলেন, একটি ব্যাংক আস্থার ওপর নির্ভর করে। এই ঘটনা গ্রাহকদের সেই আস্থায় প্রভাব ফেলছে। আমাদের কাছে যাদের আমানত রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।
১৩ দিনে ৯৭ হামলার অভিযোগ
গ্রামীণ ব্যাংকের ২৩ নভেম্বরের অভ্যন্তরীণ স্মারক অনুযায়ী, ১০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ব্যাংকটির বিভিন্ন শাখা ও কার্যালয়ে মোট ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বাংলাদেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যাদের ঋণ পাওয়ার সুযোগ সীমিত, বিশেষ করে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে ছোট অঙ্কের ঋণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির প্রায় ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের হাতে এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্য প্রায় ১ কোটি ৬ লাখ। তাদের বড় অংশই গ্রামীণ নারী।
প্রায় ৫৫ লাখ ঋণগ্রহীতার কাছে ব্যাংকটির বকেয়া ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকার বেশি। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।
হামেদ বলেন, আমাদের সেবার আওতায় এমন অনেক মানুষ রয়েছেন, যাদের ঋণ দিতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী নয়। আমরা তাদের পাশে দাঁড়িয়ে ঋণ পাওয়ার সুযোগ করে দিই।
ব্যাংকটির প্রায় ২১ হাজার কর্মীর মধ্যেও হামলার কারণে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানান তিনি।
কেন গ্রামীণ ব্যাংককে লক্ষ্য করা হচ্ছে
আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক বিরোধের প্রতীকী লক্ষ্য হিসেবেও গ্রামীণ ব্যাংককে দেখা হচ্ছে।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি সেই দায়িত্ব ছাড়েন। তার নেতৃত্বাধীন সরকারের সময় আওয়ামী লীগকে নির্বাচনি রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।
হামলার জন্য শেখ হাসিনার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ আলজাজিরাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সমর্থকদের নতুন রাজনৈতিক তৎপরতার মধ্যে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় অস্থিরতা বেড়েছে। থানায় ও স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ এবং ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন সদস্যকে হত্যার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও উন্নয়ন গবেষণা উদ্যোগের গবেষক মোবাশ্বের হাসানের মতে, হামলার সময়টি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আওয়ামী লীগের কট্টরপন্থিদের কাছে ইউনূস তাদের রাজনৈতিক পতনের প্রতীক হয়ে উঠেছেন। তাই ইউনূসের সাথে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকে হামলাকে তার ওপর প্রতিশোধমূলক আঘাত হিসেবেও দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানও মনে করেন, হামলাগুলো বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।
তার মতে, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে দুটি পথ ছিল—ভুল স্বীকার করে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা অথবা শক্তি প্রয়োগ করে রাজনীতিতে ফেরার চেষ্টা করা। তার বিশ্লেষণে, দলটি দ্বিতীয় পথ বেছে নিয়েছে।
শাহান বলেন, গ্রামীণ ব্যাংকে হামলার মধ্য দিয়ে প্রতিশোধের রাজনীতির বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারকে কঠোর দমনমূলক অবস্থানের দিকে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিকভাবে নিপীড়িত হিসেবে তুলে ধরার চেষ্টাও থাকতে পারে।
সবচেয়ে বেশি ক্ষতি দরিদ্র গ্রাহকদের
গ্রামীণ ব্যাংকের মালিকানার কাঠামোর কারণে হামলার সরাসরি প্রভাব পড়ছে দরিদ্র ঋণগ্রহীতা ও আমানতকারীদের ওপর।
মোবাশ্বের হাসানের মতে, একটি শাখা পুড়ে গেলে শুধু ভবন বা আসবাব নষ্ট হয় না; ক্ষতিগ্রস্ত হয় গ্রাহকদের ঋণের নথি, সঞ্চয়ের হিসাব এবং কিস্তি পরিশোধের তথ্যও। এর ফলে কিছু ঋণগ্রহীতা আবার অনানুষ্ঠানিক ঋণদাতাদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।
ব্যবস্থাপনা পরিচালক হামেদ জানিয়েছেন, হামলার কারণে যেসব শাখা কার্যক্রম চালাতে পারছে না, সেসব শাখার বকেয়া ঋণের ওপর সুদ হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কিছু শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার কয়েকটি শাখা থেকে কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
ধারাবাহিক হামলার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ এই অভিযোগ মানতে নারাজ। তার মতে, সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে—এমন দাবি সঠিক নয়।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, হামলাগুলোর ঘটনায় আটটি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেফতার করা হয়েছে। তবে জনবলের সংকটের কারণে পুলিশের কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন জিয়াউদ্দিন আহমেদ।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হামেদ বলেন, সহায়তা চাইলে পুলিশ সাড়া দিয়েছে এবং কিছু ক্ষেত্রে সম্ভাব্য হামলার আগাম সতর্কতাও দিয়েছে। তবে অধিকাংশ সময় ব্যাংক কর্তৃপক্ষকেই নিজেদের সতর্ক থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে।
তার মতে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে গ্রামীণ ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসও ধীরে ধীরে ফিরে আসবে।


