ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগামী তিন মাস এ রোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা থাকবে।
নাগরিকদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে ব্যয় করলে সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ সময় যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব। এখন রাষ্ট্রের পরিবর্তনেও সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, শনিবার ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।


