...|...|...

জাতীয়

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৭
Shares
ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা তৈরির তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে দ্রুত নিয়োগ সম্পন্ন করার সুপারিশ করেছে কমিটি।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।

বৈঠকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে হজযাত্রী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।

এছাড়া এনটিআরসিএ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের চলমান সব মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্নের কথা জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি তদন্তে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়টি পর্যালোচনা করে ১ম থেকে ১২তম নিবন্ধনকারীদের নির্বাহী আদেশে নিয়োগের জোর সুপারিশ জানানো হয়। বৈঠকে কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।