রাজধানীর লালবাগ থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করে ডিম, পানি ও কফি খাওয়ানোর পর পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ ওই আওয়ামী লীগকে আটক করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে যুবদল নেতা নয়ন দাবি করেন, আটক হওয়া ব্যক্তি ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার অভিযোগ, শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ওই নেতা গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন এবং ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়েছিলেন। এছাড়া নাশকতার উদ্দেশ্যে অকটেন মজুদ করার বিষয়েও ভিডিওতে ওই নেতাকে প্রশ্ন করতে শোনা যায়।
ভিডিওর বিবরণ অনুযায়ী, ওই নেতাকে আটকের পর কোনো ধরনের মারধর না করে হাঁটিয়ে নিয়ে আসা হয়। পথে তাকে দুটি ডিম ও বোতলজাত পানি খাওয়ানো হয় এবং পরে একটি দোকানে বসিয়ে কফি ও বিস্কুট খাওয়ানো হয়। এমনকি আটকের পর ওই নেতার স্ত্রীর সাথেও ফোনে কথা বলে বিষয়টি জানানো হয় বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে।
এ সময় যুবদল নেতা নয়ন অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে জানান, তাকে আটক করার পর একটানা ৭৭ দিন রিমান্ডে নিয়ে হাত-পায়ের নখ উপড়ে ফেলা, বৈদ্যুতিক শক দেওয়া, গুলি করা এবং বরফের ভেতরে শুইয়ে রাখার মতো নির্যাতন করা হয়েছিল। এর বিপরীতে তিনি আটক হওয়া প্রবীণ এই নেতার প্রতি সম্মান দেখিয়ে আপ্যায়ন করেছেন বলে মন্তব্য করেন।
ভিডিওতে আরও দেখা যায়, কফি ও নাশতা খাওয়ানোর পর ওই নেতার মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র বুঝিয়ে দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে এ বিষয়ে আটক হওয়া আওয়ামী লীগ নেতা বা সংশ্লিষ্ট থানা পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


