...|...|...

বিশ্ব

ডিজে মিউজিকের উচ্চশব্দে প্রাণ গেল ২০ দিনের শিশুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৫
Shares
ডিজে মিউজিকের উচ্চশব্দে প্রাণ গেল ২০ দিনের শিশুর

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চ শব্দে ডিজে বাজানোর সময় ২০ দিন বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ির সামনে ডিজে বহনকারী গাড়িটি থামিয়ে প্রচণ্ড শব্দে গান বাজানোর কারণেই শিশুটির হৃদ্‌স্পন্দন বন্ধ হয়ে যায়।

পরিবারের সদস্যরা দাবি করেছেন, ডিজের শব্দ কমাতে এবং গাড়িটি বাড়ির সামনে না রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের অনুরোধে কোনো সাড়া মেলেনি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শিশুটি তার মা রিমা দেবীর পাশে ঘরের ভেতরে ঘুমাচ্ছিল। এ সময় উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে ডিজে বহনকারী একটি গাড়ি তাদের বাড়ির সামনে এসে থামে।

একপর্যায়ে শিশুটি হঠাৎ কান্না শুরু করে। এরপর তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শিশুটির এক খালা জানান, রিমা দেবী গত ১০ দিন ধরে নবজাতককে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার শ্বশুরবাড়িতে দেখাশোনার মতো কেউ না থাকায় তিনি সেখানে এসেছিলেন।

ওই খালা বলেন, আমার ভাবি নবজাতক মেয়েকে নিয়ে এখানে এসেছিলেন, কারণ তার শ্বশুরবাড়িতে দেখাশোনা করার কেউ ছিল না। আমরা গত ১০ দিন ধরে তাদের দেখাশোনা করছিলাম। ডিজে বহনকারী একটি ট্রাক প্রচণ্ড শব্দে গান বাজাতে বাজাতে আমাদের বাড়ির সামনে এসে থামার পরই শিশুটির হৃদ্‌স্পন্দন বন্ধ হয়ে যায়।

পরিবারের অভিযোগ, গাড়িটি সরিয়ে নিতে এবং শব্দ কমাতে ডিজে পরিচালনাকারীদের একাধিকবার বলা হয়েছিল।

শিশুটির খালা বলেন, আমরা তাদের অনুরোধ করেছিলাম, এখানে যেন গাড়ি না থামায় এবং এত জোরে গান না বাজায়। কিন্তু তারা আমাদের কথা শোনেনি।

পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জয় শঙ্কর মিশ্র জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডিজে বহনকারী গাড়িটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তদন্ত চলছে।