রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার এবং বিভিন্ন থানায় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা ও ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩২৪টি মোবাইল ফোন, নয়টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক, ৯ হাজার ৫৭০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


