...|...|...

ক্যাম্পাস

ডাকসুর সংগ্রহশালায় রাখা সবচেয়ে স্মার্ট ছবিটা ৭ মার্চের: ফরহাদ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫১
Shares
ডাকসুর সংগ্রহশালায় রাখা সবচেয়ে স্মার্ট ছবিটা ৭ মার্চের: ফরহাদ

এস এম ফরহাদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, ডাকসুর ঐতিহাসিক সংগ্রহশালায় রাখা সবচেয়ে স্মার্ট ছবিটা ৭ মার্চের ছবি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিকে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে এস এম ফরহাদ বলেন, জিন্নাহর ছবি রাখার উদ্দেশ্য তাকে গৌরবান্বিত করা নয় বরং বাংলা ভাষার বিরুদ্ধে তার অবস্থানকে ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরা।

তিনি বলেন, ৫২-এর ভাষা আন্দোলন হঠাৎ করে হয়নি। এর আগে ধারাবাহিকভাবে অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং এই অঞ্চলের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে বক্তব্য দিয়েছিলেন। আমরা সেই বক্তব্যের ক্যাপশনসহ তার ছবি দিয়েছি।

এস এম ফরহাদ বলেন, ‘আমরা যদি জিন্নাহর ছবি না দিতাম, তখন বলা হতো—জিন্নাহ বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটা আমরা লুকিয়েছি। এখন ছবি ও ক্যাপশন দেওয়ার পর বলা হচ্ছে ছবি কেন রাখা হয়েছে।’

তার দাবি, সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার মাধ্যমে তাকে দায়মুক্তি দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। বরং তার বিতর্কিত ভূমিকা তুলে ধরতেই ছবির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে।