যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর নীতির ইঙ্গিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার আরও কমেছে। এতে মূল্যবান ধাতুটির দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় ১১টা ০৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭৭ ডলার ৯৯ সেন্টে দাঁড়ায়। এর আগে দিনের একপর্যায়ে দাম ৪ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
অন্যদিকে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৩ ডলার ২০ সেন্টে নেমে আসে।
এদিকে বৃহস্পতিবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ডলার শক্তিশালী হলে অন্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে পড়ে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩২ ডলার ৬৩ সেন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন বুধবার এটি ২২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।


