...|...|...

রংপুর

ঠাকুরগাঁওয়ে মাথা কাটা কলাগাছে কলা, দেখতে হাজারো মানুষের ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
ঠাকুরগাঁওয়ে মাথা কাটা কলাগাছে কলা, দেখতে হাজারো মানুষের ভিড়

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামে একটি অস্বাভাবিক কলাগাছ ঘিরে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সাধারণত কলাগাছের কাণ্ডের ওপর থেকে মোচা বের হয়ে কলা ঝুলে থাকে। তবে এই গাছে দেখা গেছে ভিন্ন চিত্র-মাথা কেটে দেওয়া কাণ্ডের ওপর মোচা, আর সেই মোচাতেই ধরেছে কলা।

কৃষক হাবিবউল্লাহ আলীর রোপণ করা এই কলাগাছটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ-কেউই বাদ যাচ্ছেন না এই ব্যতিক্রমী গাছটি দেখতে। অনেকেই মোবাইল ফোনে গাছটির ছবি তুলে রাখছেন। কেউ আবার দূর থেকে ক্যামেরা জুম করে ধারণ করছেন প্রকৃতির এই বিস্ময়।

সরেজমিনে দেখা যায়, অন্য কলাগাছে যেখানে কলা নিচের দিকে ঝুলে থাকে, সেখানে এই গাছে কলা ঝুলছে না; বরং গাছের ওপরের অংশে বসে আছে। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক মানুষ।

গাছটি দেখতে আসা কয়েকজন জানান, এমন কলাগাছ তারা জীবনে কখনো দেখেননি। তাদের কাছে এটি বিস্ময়কর মনে হচ্ছে। গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। মনে হচ্ছে, গাছটি যেন এলাকার তারকা হয়ে গেছে।

রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম বলেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। সকল প্রশংসা আল্লাহ তায়ালার। বিস্ময়কর ওই কলাগাছটি দেখতে মানুষ প্রতিদিন ভিড় করছে।