...|...|...

সারাদেশ

ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জুবায়ের, পরে লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ১১:১২
Shares
ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন জুবায়ের, পরে লাশ উদ্ধার

নিহত যুবক জুবায়ের ইসলাম জুবেল। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ট্রেনযাত্রার পর নিখোঁজ হওয়া যুবক জুবায়ের ইসলাম জুবেল (২৩) এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ৯ অক্টোবর) কুলাউড়া উপজেলার ১১ নং হাজীপুর ইউনিয়নের কটারকোনা সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের ইসলাম জুবেল উপজেলার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সাথে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তার পরিবার এবং তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বর দিয়ে আকুতি জানান স্বজনেরা। অবশেষে দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর শুক্রবার ( ৯ অক্টোবর) কটারকোনা এলাকায় রেললাইনের পাশে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় উত্তর হিঙ্গাজিয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।