ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই দেশটিতে ব্যাপক হামলা চালাতে পারে মার্কিন বিমান ও নৌবাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে এবং এক ডজনের বেশি যুদ্ধজাহাজে অবস্থানরত হাজার হাজার মার্কিন বিমান ও নৌসেনা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই এসব বাহিনী সামরিক অভিযান শুরু করতে সক্ষম।
এর আগে গত অক্টোবরে নিউইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ওই অভিযান হবে স্বল্পস্থায়ী, তবে অত্যন্ত তীব্র।
মার্কিন কর্মকর্তা ও পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো, পরমাণু স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার।
তবে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত নির্দেশ দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


