দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার এক ধাপে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
এ নিয়ে টানা ৮ দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন এই দর সকাল ১০টা থেকে কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা সপ্তম দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।


