...|...|...

বিশ্ব

টানা তৃতীয় সপ্তাহ ধরে কমছে তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৬
Shares
টানা তৃতীয় সপ্তাহ ধরে কমছে তেলের দাম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচলে নতুন বিঘ্নের খবরে শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তবে পুরো সপ্তাহের হিসাবে দাম কমার পথেই রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৭৭ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে ডিসেম্বর ডেলিভারির ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২৫ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৪৬ ডলারে ওঠে। বেশি লেনদেন হওয়া জানুয়ারি চুক্তির দাম ৭১ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ১৫ ডলার হয়।

বৃহস্পতিবার দুই ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছিল। তবে পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ এবং ডিসেম্বর ডব্লিউটিআই চুক্তির দাম প্রায় ৬ শতাংশ কমতে পারে।

এর অন্যতম কারণ, হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেলের চালান যুদ্ধপূর্ব সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় ব্রেন্ট ও ডব্লিউটিআই টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে।

আইইএর মতে, এ সংকটের জেরে সরকারগুলো যদি বিদ্যুতায়ন, জ্বালানি দক্ষতা এবং বিকল্প জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ায়, তাহলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমে যেতে পারে।

তবে কিছু বিশ্লেষক মনে করছেন, বৈশ্বিক শেয়ারবাজারের দুর্বলতা তেলের দামেও চাপ সৃষ্টি করতে পারে। শুক্রবার এশিয়ার শেয়ারবাজারগুলো কমেছে এবং ২০২০ সালের পর সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে এগোচ্ছে।