টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে ট্রাক থামিয়ে প্রাকৃতিক ডাকে সারাদিলে কয়েকজন ছিনতাইকারী রাজিবের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে । ঘটনার সাথে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে ।


