গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে ফায়ার সার্ভিসকে। কারখানায় রাবার ও অ্যালুমিনিয়ামের দাহ্য উপকরণ থাকায় আগুন একবার নিয়ন্ত্রণে আসার পরও আবার ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়া ঠেকাতেও কাজ করছেন উদ্ধারকর্মীরা।
বুধবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আরেফিন জুনায়েদ এসব তথ্য জানান।
তিনি বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন একবার নিয়ন্ত্রণে এলেও কারখানায় থাকা রাবার ও অ্যালুমিনিয়ামের দাহ্য পদার্থের কারণে তা আবার বেড়ে যায়।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। আগুন যাতে আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হননি এবং ভবনের ভেতরে কেউ আটকা পড়েননি। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।
এর আগে, বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।
বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা যুক্ত হন।


