...|...|...

রাজনীতি

জোট থেকে এনসিপির বের হওয়ার প্রশ্নে যা বললেন জামায়াত আমির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৩:০৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৪
Shares
জোট থেকে এনসিপির বের হওয়ার প্রশ্নে যা বললেন জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেরিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা তো সেই অর্থে কোনো ফরমাল জোট না। আমরা একটা নির্বাচনি ঐক্য করেছি। আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী করার। 

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নে জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি এসব কথা বলেন।

জোট রাজনীতির অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, প্রথমে আমরা চার দল ছিলাম। এরশাদ সাহেব বের হয়ে গেলেন। তারই একটা অংশ নাজিউর রহমান মঞ্জুর সাহেব থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন। চার দল থাকল। এরপরে ১৮ দল হলো, এরপরে ২০ দল। শেষ পর্যন্ত আমরা ২৭ দল গুনেছি। কিন্তু এটাকে ২০–দলীয় ঐক্যজোট বলা হতো। এটা একটা ব্র্যান্ড।

ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আমরা হোমওয়ার্ক শুরু করেছি। শরিক দলগুলোর সম্ভাবনাময় ব্যক্তিদের পাশাপাশি দেশ-বিদেশে থাকা যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদেরও এ কাজে যুক্ত করা হবে বলে জানান তিনি। শফিকুর রহমান বলেন, এরা দুনিয়ার যেকোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসব।

এ সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও নারীশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।