...|...|...

রাজনীতি

জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের যে কারণ জানালেন এনসিপি নেতারা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৭
Shares
জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের যে কারণ জানালেন এনসিপি নেতারা

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল ও উত্তেজনার পর এবার অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে বয়কট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। 

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠানে সদস্যসচিব আখতার হোসেনের বক্তব্য দেওয়ার পরপরই দলটির নেতারা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বয়কটের কারণ ব্যাখ্যা করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের শুরুতে যে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, সেখানে সুকৌশলে ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের মূল ভিত্তি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, ঐতিহাসিক ৯ দফা এবং ১ দফা ঘোষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডকুমেন্টারিতে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে এবং এসংক্রান্ত কোনো তথ্য বা ফুটেজ উপস্থাপন করা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পালিত রাষ্ট্রীয় কর্মসূচিগুলোতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এসব ন্যাক্কারজনক ঘটনা এবং ইতিহাস বিকৃতির প্রতিবাদেই তারা এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ওই ভিডিও ডকুমেন্টারিকে কেন্দ্র করে দর্শকসারিতে উপস্থিত আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা ডকুমেন্টারিটিকে একপেশে ও অসত্য আখ্যা দিয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে পুরো মিলনায়তনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের একাধিক মন্ত্রী ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান এবং অসঙ্গতিগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন, তবুও শেষ পর্যন্ত ক্ষুব্ধ এনসিপি নেতারা অনুষ্ঠান বয়কট করেই বেরিয়ে যান।