টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, স্থলকাশী গ্রামের সুরমান আলী, তার স্ত্রী ও ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে বাড়িতে বসে মাদক বিক্রি করে আসছেন। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করেন বলেও অভিযোগ তাদের। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার পরিবারটিকে সতর্ক করেছিলেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সুরমান আলী মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ রয়েছে। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তিনি প্রশাসনের ভয় দেখাতেন। এ কারণে এলাকার মানুষ দীর্ঘদিন মুখ খুলতে পারেননি।
তার ভাষ্য, প্রায় পাঁচ-ছয় বছর আগেও মাদক ব্যবসার অভিযোগে সুরমান আলীর বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। বর্তমানে সুরমান আলী ঢাকায় থাকেন। তার অনুপস্থিতিতে স্ত্রী মাদক ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও কয়েকজন বাসিন্দা সুরমান আলীর বাড়িতে গিয়ে তাকে, তার স্ত্রী ও ছেলে কাউকেই পাননি। পরে ক্ষুব্ধ মুসল্লিরা বাড়ির টিনের চাল ও বেড়ার কিছু অংশ ভেঙে দেন।
এ সময় স্থানীয়রা সতর্ক করে বলেন, এরপরও ওই বাড়ি থেকে মাদক বিক্রি করা হলে অভিযুক্তদের এলাকা ছাড়তে বাধ্য করা হবে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে। সুরমান আলী ঢাকায় থেকে তার স্ত্রীকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের জেরে স্থানীয়রা তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


