জন্মদিন নিয়ে এখন আর বড় কোনো আয়োজনের প্রতি আগ্রহ নেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর। পরিবারের সদস্যদের সাথে ঘরোয়া পরিবেশে সময় কাটিয়েই বিশেষ দিনটি উদ্যাপন করতে চান তিনি। তবে জীবনের ফেলে আসা সময় নিয়ে রয়েছে তার কিছু আক্ষেপ। অভিনেত্রীর কথায়, এক জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সবকিছু করা সম্ভব হয়নি।
আজ (৩ নভেম্বর) মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনে যুক্তরাষ্ট্রে মা, মেয়ে ও বোনদের সাথে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। বড় কোনো আয়োজন না থাকলেও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
প্রায় তিন বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন মৌসুমী। দূরে থাকলেও তার জন্মদিন ঘিরে ভক্তদের আয়োজন থেমে নেই। প্রতিবছরের মতো এবারও মৌসুমী ফ্যান ক্লাবের উদ্যোগে রাজধানীর ফার্মগেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার স্বামী চিত্রনায়ক ওমর সানীর। এ ছাড়া পরিবারের পক্ষ থেকেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে জন্মদিনের পরিকল্পনা প্রসঙ্গে মৌসুমী বলেন, সেখানে জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই। মা, মেয়ে ও বোনদের নিয়ে একসাথে সুন্দর সময় কাটানোর ইচ্ছা তার। নিজেদের মধ্যে খাওয়াদাওয়া ও ঘরোয়া আয়োজনেই দিনটি উদ্যাপন করবেন। ঢাকায় থাকলে হয়তো আয়োজনটা কিছুটা ভিন্ন হতো।
জন্মদিন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, জন্মদিন মানে জীবনের আরও একটি বছর পেরিয়ে যাওয়া। জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সেসবের সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ঢাকায় থাকলে ওমর সানী নানা আয়োজন করেন। পাশাপাশি ফ্যান ক্লাবের সদস্য ও ভক্তরা দেশের বিভিন্ন জায়গায় জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন। দূরে থেকেও ভক্তদের এই ভালোবাসা উপভোগ করেন তিনি।
শৈশবের জন্মদিনের স্মৃতিও এখনো মনে পড়ে মৌসুমীর। অভিনেত্রী জানান, ছোটবেলায় তার বাবা জন্মদিন উপলক্ষে এতিমখানায় খাবারের আয়োজন করতেন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন তিনি। অন্যদিকে, তার মা বাড়িতে নানা ধরনের খাবার রান্না করে আত্মীয়স্বজনদের আপ্যায়ন করতেন। সেই সময়ের স্মৃতিগুলো এখন খুব মনে পড়ে বলে জানান মৌসুমী।
১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় মৌসুমীর। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। এরপর ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সালমান শাহ।
এ ছাড়া চিত্রনায়ক ওমর সানীর সাথেও অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের কাছে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।


