...|...|...

আইন ও আদালত

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক আজ, সরাসরি দেখাবে বিটিভি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৪
Shares
জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক আজ, সরাসরি দেখাবে বিটিভি

ছবি: সংগৃহীত

শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। নিরাপত্তার কারণে কারাগার থেকেই ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হবে আসামি জিয়াউল আহসানকে।

এর আগে গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

গত ১৯ নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাফাই সাক্ষী আদালতে হাজির করা হয়। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী, বিডিআর সদস্যসহ ভিন্নমতের অনেক মানুষকে গুম করা হয়। পরে তাদের গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবনে জলদস্যু দমনের নামে সাজানো অভিযানের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় শতাধিক ব্যক্তিকে হত্যার সাথে জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আজকের যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাচ্ছে।