জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়াতে ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের তাগিদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। দেশের কোটি মানুষের প্রত্যাশার কথা মনে করিয়ে দিয়ে ক্রিকেটারদের দায়িত্বশীল হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচটি মাঠে বসে দেখেছিলেন বিসিবি সভাপতি তামিম। খেলা শেষে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে বৈঠকেও বসেন তিনি। সেই বৈঠকে তামিমের দেওয়া বার্তা সম্পর্কে জানতে চাইলে আজ মঙ্গলবার আবুধাবিতে সাংবাদিকদের সিমন্স বলেন, ‘বার্তা ছিল কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সেই সাথে এটি মনে রাখা ও অনুধাবন করা যে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি দেশের কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি, যারা আমাদের সাফল্যের দিকে তাকিয়ে থাকে। আমার মনে হয়, এটিই ছিল তার মূল বার্তা।’
একসময় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দলটির বিপক্ষে টানা ১৯ ম্যাচে জিতেছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্র পাল্টেছে। ২০২২ সালে হারারে সফরে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ১৩ বছর পর ওয়ানডেতে জয়ের দেখা পায় জিম্বাবুয়ে। ওই সফরে সিরিজও জিতে নেয় স্বাগতিকরা। সর্বশেষ আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নেয় সিকান্দার রাজার দল।
বড় হারের পর দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অবশ্য ইতিবাচক কথা বলেছেন সিমন্স। তার মতে, পরাজয়ের পরও ক্রিকেটারদের মধ্যে হতাশার বদলে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রধান কোচ বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ এখনও বেশ ভালো। আজ সকালে আমরা একটা বৈঠক করেছি এবং সবকিছু খোলামেলা আলোচনা করেছি আমরা কী ভালো করেছি আর কী ভুল ছিল। এখন আমরা জানি পরবর্তী ম্যাচে আমাদের কী করতে হবে। এমন নয় যে আমরা বাজে খেলছিলাম, আমরা তো বেশ ভালোই খেলছিলাম। একটা দিন হয়তো এমন গেছে যেদিন কোনো কিছুই আমাদের পক্ষে আসেনি। তাই এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা আমাদের জানা। আজ আমরা অনুশীলনে নামব এবং আগামী দু-একদিন নিজেদের মানসিকভাবে প্রস্তুত করব, যাতে পরের ম্যাচের জন্য দল পুরোপুরি তৈরি থাকে।’
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের লড়াইয়ের দিকেও নজর রাখতে হচ্ছে দলটিকে। আজকের ম্যাচের ফল পরবর্তী সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে অন্য দলের ম্যাচ নিয়ে বেশি না ভেবে নিজেদের প্রস্তুতিতেই মনোযোগ দিতে চান সিমন্স। তিনি বলেন, ‘খেলা দেখতেই হবে এমন কোনো কথা নেই, তবে আমরা কী চাই তা আমরা জানি। ম্যাচ থেকে কী সমীকরণ আসতে পারে সে ধারণা আমাদের আছে, তবে দেখা যাক কী হয়। এখানে আমাদের হাতে কিছু নেই। আমাদের কাজ হচ্ছে অনুশীলনে নিজেদের সেরাটা দেওয়া, ম্যাচের পরের অংশ নিয়ে আমরা পরেই ভাবব।’


