...|...|...

রাজধানী

জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৮
Shares
জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে আটক করা ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাসদ নেতৃবৃন্দের কাছ থেকে সংশ্লিষ্ট কাগজপত্র ও নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। যাচাই শেষে বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি মোট ২৪৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ হেফাজতে থাকা বাকি ২৯ জন সম্পর্কে তিনি বলেন, তাদের পরিচয়ও যাচাই করা হচ্ছে এবং শনাক্তকরণ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের নিরাপদে হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল কিনা- এই প্রশ্নের জবাবে তিনি জানান, জাসদের পক্ষ থেকে আবেদন করা হলেও কার্যালয়ে বৈঠকের অনুমতি দেওয়া হয়নি।

কার্যালয়টি দখলের চেষ্টা চলছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এমন কোনো সুযোগ নেই এবং বর্তমানে কার্যালয়টি পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরের পর যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ তুলে কার্যালয় ঘেরাও করে পুলিশকে খবর দেন। এরপর পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভবনের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়। একাধিক প্রিজন ভ্যানে করে হাতকড়া পরিয়ে তাদের সরিয়ে নেওয়া হয়।

পুলিশের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে সমবেত হয়েছেন- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।