বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে সিঙ্গাপুরের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প ও বাণিজ্যের বিকাশ, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন সিঙ্গাপুরের হাইকমিশনার। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করা, পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়ানো এবং উন্নয়নমূলক উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে আশাবাদ জানান তিনি।
বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা বিভাগের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।
অন্যদিকে, ডা. শফিকুর রহমানের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে অংশ নেন।


